২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচার

শরীফ শুক্রবার দুপুরে স্ত্রীকে মারধর করলে তার বাবা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শরীফ তার বাবাকেও মারধর করে।

চাঁদপুরে ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচার

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 08:14 PM

Updated : 03 Sep 2022, 08:14 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শরীফ হোসেন তার চাচা ওমর ফারুককে ছুরিকাঘাত করেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওমর ফারুক (৩২) ওই গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন দেড় মাস আগে বিয়ে করেন। শুক্রবার দুপুরে তিনি তার স্ত্রীকে মারধর করলে তার বাবা বাধা দেন। এতে শরীফ ক্ষিপ্ত হয়ে তার বাবাকেও মারধর করে। এ সময় চাচা ওমর ফারুক ভাইকে বাঁচাতে এগিয়ে আসেন। বাধা পেয়ে শরীফ তার হাতে থাকা ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করেন।

স্থানীয়রা আহত ওমর ফারুককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

শনিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওমর ফারুক।

ওসি মহিউদ্দিন জানান, ঘটনার পর থেকে শরীফ পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।