মাদারীপুরের পুরান বাজারে পুড়ে গেলো ৬ দোকান
শুক্রবার রাতে একটি কাঁচামালের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মাদারীপুরে পৌর এলাকার পুরান বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি কাঁচামালের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই সেই আগুন সার ও বীজ, মুদি দোকান, সুপারির গুদামসহ ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়রা মিলে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, “প্রাথমিক ভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।”
