১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন, আখাউড়ায় লংমার্চ শেষে যুবদল সভাপতি

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচির ডাক দেয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 08:12 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে নিজেদেরকে আপসহীন বলেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, হাইকমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতের। কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লংমার্চ কর্মসূচি শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল লংমার্চ কর্মসূচির ডাক দেয়। ভারতের আগরতলা অভিমুখে এ কর্মসূচি নেওয়া হয়।

এর আগে সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেন তিন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। যা বিকাল ৪টা নাগাদ আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশে যুবদল নেতা মোনায়েম মুন্না বলেন, “বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বহিরাগত কোনো প্রভু নেই। আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে প্রতিবেশীকে চিন্তা করি।”

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে নিজেদের আপসহীন দাবি করে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। 

“আমাদের কাছে বাংলাদেশই প্রথম। বাংলাদেশ আমাদের প্রাণের স্পন্দন। স্বাধীনতাযুদ্ধ করে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না।“

শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, “আপনারা ভারত সরকারকে বলেন শেখ হাসিনা এবং তার দোসরদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য।”

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বক্তব্য দেন।

এর আগে দুপুরে আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি চলাকালে কিশোরগঞ্জের ভৈরবে পথসভায় অনুষ্ঠিত হয়। 

সেখানে যুবদল নেতা মোনায়েম মুন্না বলেন, “আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা প্রতিবাদে ভারতের হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”

সেখানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।