বগুড়ায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, আহত ১
পুলিশের ছোড়া ‘রাবার বুলেটে’ এক নেতা আহত হয়েছেন বলে দাবি বিএনপির। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ছোড়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে ট্রাক-কভার্ড ভ্যান।
এছাড়া পুলিশের ছোড়া ‘রাবার বুলেটে’ এক নেতা আহত হয়েছেন বলে দাবি বিএনপির। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
আহত মাহবুব আলম বগুড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টায় শহরের তিনমাথা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পিকেটিং করার সময় পুলিশ নেতাকর্মীদের ওপরে গুলি ছোঁড়ে বলে অভিযোগ করেছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।
খায়রুল বলেন, “অবরোধ কর্মসূচি সফল করতে সকালে তিনমাথা এলাকায় অবস্থান নেয় দলীয় নেতাকর্মীরা। ওইসময় পুলিশি নিরাপত্তায় ট্রাক চলাচল করছিল। হঠাৎ করে ট্রাকের সামনে থাকা পুলিশের গাড়ি থেকে রাবার বুলেট ছুড়ে।
“এতে ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মাহবুব আলম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
তবে কোনো ধরনের গুলি চালানো হয়নি বলে দাবি করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
তিনি বলেন, “অবরোধকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়েছে। তাদের নিক্ষেপ করা ককটেলে নিজেরাই আহত হয়েছেন। গুলি করার কোনো প্রশ্নই আসে না।”
৫টি ট্রাক-কভার্ড ভ্যান ভাঙচুর
বগুড়ায় চারটি ট্রাক এবং একটি কভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। রোববার সকাল সোয়া ৮টায় বগুড়া শহরতলী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের তেলিপুকুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়লে অবরোধকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, সকালে পুলিশ প্রহরায় যানবাহন চলাচলের সময় পিছন থেকে চার থেকে পাঁচটি ট্রাক ও কভার্ড ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করে অবরোধকারীরা।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে। পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, “তেলিপুকুরে অবরোধকারীদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
