১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঈদ ফিরতি যাত্রা: একদিনে বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৯২ লাখ টাকা

সেতু কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 02:11 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে।

সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

সোমবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে।

“শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। আর সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।"

নির্বাহী প্রকৌশলী বলেন, “ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ রয়েছে।

“স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।”