১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর

প্রায় ১০ বছর ধরে দেশটিতে কর্মরত লক্ষ্মীপুরের মিল্লাতের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোক।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 05:34 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়েছে পরিবার। 

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই শরীফ হোসেন।

নিহত মিল্লাত হোসেন (৪২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন বলেন, প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় যান মিল্লাত। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

তিনি বলেন, “কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মিল্লাত মারা গেছে। খবর পাওয়ার পর থেকে পরিবারের সবাই ভেঙে পড়েছে।”

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, “ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।”