Published : 21 Jul 2026, 02:52 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে বিলুপ্তপ্রায় একটি ঢাই মাছ ধরা পড়েছে; যেটি স্থানীয় বাজারে ৫৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার দুপুরে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে বলে জানান মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
মাছটি বিক্রির জন্য দুপুরে ইউনুস মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। মাছটি ওজন করে ১১ কেজি পাওয়া যায়। পরে মাছটি উন্মুক্ত নিলামে পাঁচ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৮ হাজার ৩০০ টাকায় কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
তিনি বলেন, “মাছটি কেনার পর দেশের বিভিন্ন স্থানে ফোনে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা লাভ পেলে বিক্রি করে দিব।”
তবে কোন জেলের জালে মাছটি ধরা পড়েছে, সে বিষয়ে শাহজাহান শেখ কিছু বলতে পারেননি।