১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় দানা: সাতক্ষীরার উপকূলীয় ২ উপজেলায় ছুটি বাতিল

প্রস্তুত রাখা হয়েছে ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্র।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 06:20 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার কারণে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। 

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। 

একই সাথে জেলার দুর্যোগ ব্যাবস্থাপনা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরও ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। 

জেলা প্রশাসক আর বলেন, শ্যামনগর ও আশাশুনি উপজেলার দুর্বল বেড়িবাঁধ নিকটবর্তী মানুষদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্র।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, দুপুরে ঘূর্ণিঝড় দানা উপকূল থেকে ৬০০ কিলোমিটার নিকটবর্তী হয়ে পড়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।

এদিকে, দুর্যোগপ্রবণ সাতক্ষীরার সাধারণ মানুষকে ঝড়-জলোচ্ছ্বাস যেন পিছু ছাড়ছে না। এ বছরের ২৬ মে সাতক্ষীরা উপকূলে হানা দিয়েছিল রেমাল, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। 

বুধবার সকাল থেকেই দানার প্রভাবে অবিরাম বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় যত নিকটবর্তী হচ্ছে তত সাধারণ মানুষের মধ্যে আতংক বাড়ছে। মানুষের মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির আশংকা।

সাতক্ষীরায় রয়েছে বিগত শতাব্দীর ষাটের দশকে নির্মিত উপকূলীয় নদী বেড়ীবাঁধ। তার মধ্যে শ্যামনগর ও আশাশুনির ১৫ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ।

তবে জেলা প্রশাসন উপকূলবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।