পঞ্চগড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইকে থাকা মা-ছেলের
ছেলের বাইকে করে পঞ্চগড় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মাকে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় যাওয়ার পথে বোদা উপজেলায় বাসের ধাক্কায় মা ও ছেলে উভয়ের প্রাণ গেছে।
রোববার রাত ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ময়দানদিঘী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে বোদা থানার ওসি সুজয় রায় জানান।
নিহতরা হলেন- বোদা উপজেলার উলিপুকুরি মণ্ডলের হাটের আশরাফুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তাদের ছেলে মিশু (২৬)।
পরিবারের বরাতে ওসি জানান, নাতনির অসুখের খবর পেয়ে ছেলের বাইকে করে পঞ্চগড়ে মেয়ে-জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন আফরোজা। এসময় লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ঢাকাগামী নৈশকোচ তাদের মোটরসাইকেলে সজোড়ে ধাক্কা দেয়।
“এতে মা-ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনা কবলিত নৈশকোচটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
