এলাকায় ‘অবস্থান জানান দিতে’ কৃষককে গুলি করেন রাসেল: পুলিশ
ময়মনসিংহে ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের গুলিতে প্রাণ হারাণ এক কৃষক।
ময়মনসিংহ নগরীতে এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাসেল খান ইমন নগরীতে ‘নিজের অবস্থান জানান দিতে’ ওয়ান শুটার গান দিয়ে ওই কৃষককে গুলি করেন বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শুক্রবার দুপুরের পর কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে একপক্ষের গুলিতে কৃষক আলতাব আলী (৬৫) নিহত হন বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন।
ঘটনার পরদিন আলতাব আলীর ছেলে আশিকুর রহমান পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। বিষয়টি দেখে ঝগড়ার কারণ জানতে চান তিনি।
“এক পর্যায়ে রাসেল তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।”
হত্যাকাণ্ডে আট থেকে ১০ জন অংশ নিয়েছিলেন দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “রাসেল খান ইমন স্থানীয়দের কাছে নিজের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটিয়েছেন।”
গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে জুমার নামাজের পর আলতাফ আলী হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে চিরকালীবাড়িতে মানববন্ধন করেন স্বজন ও স্থানীয়রা।
আরও পড়ুন:
