২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কৃষকের

অন্যদের ঝগড়া থামাতে গেলে একপক্ষ ওই কৃষককে কুপিয়ে জখম করে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 05:12 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ময়মনসিংহ নগরীতে নামাজ পড়ে বাসায় ফেরার পথে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে এক কৃষক খুন হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন।

নিহত আলতাব আলী (৬৫) ওই এলাকার তাহের আলীর ছেলে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুার জেরে রাতে স্থানীয় রাসেল ও মল্লিকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। ঘটনাটি দেখে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান তিনি। 

এতে রাসেল পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফ আলীসহ আরও দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলতাফ আলীকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাঈন উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।