দ্বিতীয় রাউন্ডে উঠেও এত সমালোচনায় ভীষণ হতাশ সাউথগেট
অসন্তুষ্ট সমর্থকদের শান্ত হয়ে ফুটবলারদের পাশে থাকার আহ্বান জানালেন ইংল্যান্ড কোচ।
তিন ম্যাচে এক জয়ের সঙ্গে ড্র দুটি। দুটি গোল করার বিপরীতে হজম করেছে একটি। গতবারের রানার্স-আপ ইংল্যান্ডের এমন পারফরম্যান্সে একদমই সন্তুষ্ট নয় সমর্থকরা। দর্শকদের এই রাগ নিজের ওপর নিয়ে ফুটবলারদের জন্য সমর্থন চাইলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
কোলনে মঙ্গলবার রাতে ধারহীন ও ক্লান্তিকর ফুটবল খেলা ইংল্যান্ডকে রুখে দেয় স্লোভেনিয়া। পরিকল্পনাহীন, বোঝাপড়ার ঘাটতি, তাড়নার অভাব- সবকিছুর মিশেলে বড্ড বিবর্ণ ইংলিশরা এদিন গোলের দেখা পায়নি কোনো। স্লোভেনিয়াও অবশ্য কোনো গোল করতে পারেনি।
এ নিয়ে পরপর দুই ম্যাচ ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। আর প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে কোনোরকমে জেতে ১-০ গোলে। তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারাই সবার ওপরে।
কিন্তু দলের বিবর্ণ পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। স্লোভেনিয়ার বিপক্ষে ড্রয়ের পর গ্যালারি থেকে কোচের দিকে ছুড়ে মারা হয় বিয়ারের খালি কাপ। দর্শকদের এই ক্ষোভের কারণ অবশ্য বুঝতে পারছেন সাউথগেট।
তবু স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের পর সবার রাগ-ক্ষোভ নিজের কাঁধে নিয়ে ফুটবলারদের জন্য সমর্থন চাইলেন ইংলিশ কোচ।
“আমি (সমর্থকদের ক্ষোভ) বুঝতে পারছি। আমি এটি থেকে পালিয়ে বেড়াব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমর্থকরা দলের পাশে থাকুক।”
“আমার ব্যাপারে সবার ধারণা আমি বুঝতে পারছি। আমি মনে করি, দলের ওপর এই ক্ষোভ পড়ার চেয়ে আমার ওপর আসাই ভালো। তবে এটি একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। আর কোনো দলকে দ্বিতীয় রাউন্ডে ওঠার পরও এত সমালোচনার শিকার হতে দেখিনি।”
জিততে না পারলেও দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখছেন সাউথগেট। ডেনমার্কের সঙ্গে ড্র করা ম্যাচের বাজে ফুটবল পেরিয়ে স্লোভেনিয়ার বিপক্ষে ৭৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে ইংলিশরা। গোলের জন্য ১২টি শট করে তারা। এর ৪টি থাকে লক্ষ্য বরাবর। কিন্তু কোনোভাবেই জালের দেখা পায়নি তারা।
বদলি নেমে মাঠে বাড়তি প্রাণের সঞ্চার করেন কোল পালমার, অ্যান্থনি গর্ডন, কোবি মাইনোরা। সব মিলিয়ে তাই দলের উন্নতিতে খুশি কোচ।
“সত্যিকারের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তারা (ইংল্যান্ডের ফুটবলার) দৃঢ়তা দেখিয়েছে। অবশ্যই কয়েকটি গোল করে সবাইকে খুশি মনে বাড়ি পাঠাতে চেয়েছিলাম। তবে আমরা নিশ্চিতভাবেই গত ম্যাচের তুলনায় উন্নতি করেছি।”
