১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার দাবি

“সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ওই ফ্ল্যাট থেকে ছয় মাসের ব্যবধানে দুটি শিশু লাফ দিয়েছে- এই তথ্যই বিস্ময়কর।”

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার দাবি
গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ন্যায়বিচার দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:01 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। 

কমলগঞ্জ উপজেলার মিরতিংগা ও মুরইছড়া চা বাগানে টানা দুদিন এ নিয়ে সংশ্লিষ্টদের সাক্ষাত ও পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।  

এ সময় তারা প্রীতি উরাংয়ের পরিবারের নিরাপত্তা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। 

ঢাকার মোহাম্মদপুরের শাজাহান রোডে ৬ ফেব্রুয়ারি সকালে বহুতল বাড়ির নিচতলা থেকে গৃহকর্মী প্রীতি উরাংকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসক জানিয়েছিলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

ওই ভবনের আটতলায় সৈয়দ আশফাকুল হক ও তার পরিবার থাকেন।

এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। ওই মামলায় আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তাদের পুলিশ রিমান্ডেও নেওয়া হয়। পরে তানিয়া খন্দকার জামিন পান। 

গত ২ এপ্রিল ডেইলি স্টার থেকে সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হয়।

এ অবস্থায় সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে মৌলভীবাজারে গিয়ে সোম ও মঙ্গলবার মিরতিংগা এবং মুরইছড়া চা বাগান পরিদর্শন করেন। এ সময় তারা সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করা অপর শিশু শ্রমিক খুশি উরাং ও দুর্গামনি বাউরির সঙ্গে কথা বলেন। 

প্রতিনিধিদলের সদস্যরা প্রীতি উরাংয়ের মা-বাবা এবং অন্য শিশুদের পরিবারের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি তারা মৌলভীবাজারের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম তিতিল বলেন, ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা অনেক তথ্য পেয়েছেন।

তিনি বলেন, “৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় আদিবাসী এই শিশুটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণের জন্য ১২ জনের একটি প্রতিনিধিদল কাজ করেছেন। সেসব তথ্য দেশবাসীকে জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে অধ্যাপক জোবাইদা নাসরিন কনা বলেন, “প্রথমত সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ওই ফ্ল্যাট থেকে ছয় মাসের ব্যবধানে দুটি শিশু লাফ দিয়েছে- এই তথ্যই বিস্ময়কর। পরপর ঘটে যাওয়া একই রকমের দুটি ঘটনা আমাদের উদ্বিগ্ন করে।

“প্রীতির মা-বাবার সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, তারা অভাব এবং ভয়-ভীতির মধ্যে রয়েছেন। এ ছাড়া মৃত্যুর আগে প্রীতির বয়ঃসন্ধিকাল শুরু হয়নি। ফলে তার বয়স ১৫ বছর হওয়ার কোনো কারণ নেই। মামলার এজাহারে বেশি বয়স উল্লেখ করা হয়েছে হয়তো।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, “দুর্গামনির বক্তব্যেও এটা স্পষ্ট হয়েছে যে, তারা শারীরিক নির্যাতনের শিকার হত নিয়মিত।”

সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। 

এর মধ্যে রয়েছে- চারটি শিশুর কাজের পারিশ্রমিক, চিকিৎসা খরচ এবং পড়াশোনার খরচের ব্যবস্থা করতে হবে। প্রীতি উরাং ও অন্য শিশুদের ওপরে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, প্রভাবমুক্ত ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

পাশাপাশি প্রীতি উরাং ও দুর্গামনির পরিবারকে যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সেইসঙ্গে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া শিশুশ্রম বিষয়ক নীতিমালাকে আইনে পরিণত করার দাবি জানিয়ে বলা হয়, শ্রমে নিয়োগের ক্ষেত্রে শিশুর ১৪ বছরের পরিবর্তে ১৮ করতে হবে। সেই সঙ্গে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালায় একই নিয়ম রাখতে হবে।

২০১৭ সালে আদালেতের নির্দেশনা অনুযায়ী শ্রম মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে গৃহকর্মীদের অধিকার রক্ষায় সারাদেশে মনিটরিং সেল গঠনের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা অবিলম্বে কার্যকরের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি বাড়ি পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, অধ্যাপক ঈশানী চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসেন, এএলআরডির ব্যবস্থাপক রফিক আহমেদ সিরাজী, কাপেং ফাউন্ডেশনের উজ্জ্বল আজিম, গবেষক মুহাম্মদ হাবীব, গবেষক সামিয়া রহমান প্রিমা, বাংলাদেশ আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংহ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, সাংবাদিক ফারহানা বহ্নি।

আরও পড়ুন:

প্রীতি উরাংমিরতিংগা থেকে যেভাবে মৃত্যুর কোলে

গৃহকর্মীর মৃত্যুসাংবাদিক আশফাকের স্ত্রীর জামিন

৮ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মী আহত, গৃহকর্তা সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রীতির মৃত্যু: বিচার না পেলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারি

আরেক গৃহকর্মী আহতের মামলায় অব্যাহতি সাংবাদিক আশফাক ও তার স্ত্রীর

‘উপর থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু, স্ত্রীসহ সাংবাদিক থানায়

আগেরটির বিচার হলে প্রীতি উরাংয়ের মৃত্যু হত না: চা শ্রমিক নেতা

গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে

এভাবে কি গরিবের মেয়েকে ফালানো লাগে: প্রীতির মা

প্রীতি উরাংদের জন্য না হয় একটু মায়াকান্না হোক

গৃহকর্মী: শ্রমিকের মর্যাদা নেই, সরকারের দায়িত্ব শুধু কিতাবে

সিলেটে `গৃহকর্মী নির্যাতন', সরকারি কর্মকর্তার ব্যাংকার স্ত্রী জিজ্ঞাসাবাদে

সেই ফেরদৌসীকে নিয়ে এখন দিশেহারা পরিবার, প্রয়োজন ভালো চিকিৎসা

শিশু গৃহকর্মীকে ফুটন্ত পানি ঢেলে ‘নির্যাতন’, কুমিল্লায় সাবেক অধ্যক্ষের স্ত্রী আটক

গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তার দম্পতির রিমান্ড শুনানি ১৮ জুলাই

গৃহকর্মীকে ‘হারপিক খাইয়ে’ নির্যাতন, গৃহকর্ত্রী গ্রেপ্তার