১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আগেরটির বিচার হলে প্রীতি উরাংয়ের মৃত্যু হত না: চা শ্রমিক নেতা

প্রায় দুই বছর ধরে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসায় গৃহ-সহায়ক হিসেবে কাজ করে আসছিল প্রীতি।

আগেরটির বিচার হলে প্রীতি উরাংয়ের মৃত্যু হত না: চা শ্রমিক নেতা

ঢাকার মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে ‘পড়ে’ গৃহ সহায়ক প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2024, 06:32 PM

Updated : 20 Feb 2024, 06:48 PM

ঢাকার মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে ‘পড়ে’ গৃহ-সহায়ক প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন চা শ্রমিক নেতারা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির শ্রীমঙ্গল কার্যালয়ের সামনে মানববন্ধনে চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সম্পাদক নৃপেন পাল, সহসম্পাদিকা রেখা বাগতি, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি ও সদস্য সবিতা গোয়ালা বক্তব্য দেন।

বিজয় হাজড়া বলেন, “ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধির মাধ্যমে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে যায় প্রীতি। শুরু থেকেই পরিবারের লোকজনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হত না।”

চা শ্রমিক নেতা পরেশ কালিন্দি বলেন, “৬ ফেব্রুয়ারি যেদিন প্রীতি মারা যায়, সেদিন মেয়ে অসুস্থ বলে তার মা-বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

“ঘটনাটি বাগানের কোনো শ্রমিক বা চা শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকে জানানো হয়নি। পরে টেলিভিশনে সংবাদ দেখে আমরা ঘটনাটি জানতে পারি।”

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড; এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এ শ্রমিক নেতা।

যারা মেয়েটিকে বাসার কাজের জন্য নিয়ে গেছেন, তাদের উচিত ছিল অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে ফিরিয়ে দিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা; কিন্তু তা না করে কাজে রেখে নির্যাতন চালানো হয় বলে দাবি শ্রমিক নেতাদের।

সহসভাপতি পংকজ কন্দ বলেন, “ওই সাংবাদিকের বাসায় আগেও এক শিশু গৃহ-সহায়ক নবমতলা থেকে পড়ে গিয়ে আহত হয়। মেয়েটির মা মামলা করলে আজও বিচার পাননি।

“আগের অপকর্মের বিচার হলে প্রীতির ঘটনাটি ঘটত না। এটা কোনো অপমৃত্যু নয় সংঘটিত হত্যাকাণ্ড। এর যথাযথ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চা শ্রমিক ইউনিয়ন সোচ্চার থাকবে।”

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লোকেশ উরাংয়ের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি গত দুই বছর ধরে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করে আসছিলেন। ৬ ফেব্রুয়ারি সকালে শাহজাহান রোডের ওই ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ‘অবহেলায় মৃত্যুর’ অভিযোগে মামলা করেন প্রীতির বাবা। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সৈয়দ আশফাকুল হক এবং তার স্ত্রী তানিয়া খন্দকারকে রিমান্ডেও নেয় পুলিশ।

আরও পড়ুন:

প্রীতির মৃত্যু: বিচার না পেলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারি

‘প্রীতির মৃত্যুতে জড়িতদের শাস্তি হলে অন্যরা সাহস পাবে না’

প্রীতির মৃত্যু: বিচার না পেলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারি

 এভাবে কি গরিবের মেয়েকে ফালানো লাগে: প্রীতির মা

 গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে

 প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চাইলেন বাবা