২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে রিসোর্টে কুমির, ২০ বছর পর উদ্ধার

কুমিরটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।

গাজীপুরে রিসোর্টে কুমির, ২০ বছর পর উদ্ধার
গাজীপুরে রিসোর্ট থেকে নোনা পানির একটি কুমির উদ্ধার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 09:06 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

গাজীপুর নগরের একটি রিসোর্টে ২০ বছর ধরে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার দুপুরে মহানগরের নীলেরপাড়া ‘পাখির স্বর্গ রিসোর্টে’ অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয় বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে, পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির রয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা-কর্মচারী ও সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা কুমিরটি উদ্ধার করেন। 

রফিকুল ইসলাম বলেন, কুমিরটি প্রায় ২০ বছর ধরে সেখানে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনা পানির কুমির কোথাও আটকে রাখা যাবে না।

সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের সভাপতি আদনান আজাদ বলেন, “এক নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা হয়েছে জানতে পেরে খোঁজ খবর নিয়ে বিষয়টি বন বিভাগকে জানাই। পরে তাদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়।”

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা স্ত্রী কুমিরটি বিকালে সাফারি পার্কের কুমির বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।