২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ট্রাক ও কভার্ড ভ্যানে পাথরের নিচে লুকিয়ে পণ্যগুলো পাচার করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ট্রাক ও কভার্ড ভ্যান থেকে জব্দ করা ভারতীয় পণ্য।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

হবিগঞ্জে ট্রাক ও কভার্ড ভ্যানে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জ-৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে ভারতীয় চোরাচালান পণ্য পাচারের গোপন খবর পেয়ে রোববার ভোরে অভিযান চালান বিজিবি সদস্যরা।

এ সময় মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কভার্ড ভ্যান আটক করা হয়। পরে দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং কভার্ড ভ্যানে ভারতীয় ফুচকা জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা।

তানজিলুর রহমান বলেন, চোরা কারবারিরা এখন আগের থেকে অনেক স্মার্ট হয়েছে। তারা গাড়ির মধে ট্রেকিং ডিভাইস ব্যবহার করছে। বিজিবিকেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিতে হচ্ছে।

সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান চলমান থাকবে বলে জানান সীমান্তরক্ষা বাহিনীর এ কর্মকর্তা।