কক্সবাজারে পর্যটককে মারধরের অভিযোগ ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে
অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পর্যটক।
কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে।
নাজমুল হাসান নামের ওই পর্যটক কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সুজানগর এলাকার আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার বেলা ১২টার দিকে লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেন আবু সুফিয়ান।
অভিযোগের বরাতে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নাজমুল হাসান নামের এক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে মোটর সাইকেল নিয়ে ঘুরতে যান। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাকে বাধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাকে মারধর করেন।
আবু সুফিয়ান জানান, অভিযোগের বিষয়টি ট্যুরিস্ট পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে জানতে ভুক্তভোগী নাজমুলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “বৃহস্পতিবার সকালে ওই পর্যটককে মোটরসাইকেল সহ সৈকত এলাকায় ঘুরতে দেখে দায়িত্বরত ট্যুরিস্ট সদস্যরা বিধি-নিষেধের ব্যাপারে অবহিত করেন। এরপরও নির্দেশনা অমান্য করে ওই পর্যটক মোটর সাইকেল নিয়ে সৈকতে ঘোরার চেষ্টা করেন।
" পরে ট্যুরিস্ট সদস্যরা ওই পর্যটককে বাধা দিলে এক পর্যায়ে উভয়পক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই পর্যটককে জোর করে সৈকত এলাকা থেকে তুলে দেন। "
তারপরও পর্যটককে হয়রানির অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
