২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘ইয়াবাসহ মাদক কারবারি’ দম্পতি আটক

ডিবি জানায়, নারীটি এক সময় চাঁদপুর সদর মডেল থানার ব্যারাকে পুলিশ সদস্যদের খাবার সরবরাহ করতেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 03:26 PM

Updated : 13 Jul 2023, 03:26 PM

চাঁদপুরে ‘২০০ ইয়াবা ট্যাবলেটসহ’ এক দম্পতিকে আটক করা হয়েছে; যাদের মাদক কারবারি বলছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে চাঁদপুর শহরের পালবাজার বকুলতলা এলাকার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান। 

আটকরা হলেন: ইয়ার হোসেন (৪৪) ও তার স্ত্রী শাহানারা বেগম শানু (৪০)। 

ডিবি জানায়, এক সময় শানু চাঁদপুর সদর মডেল থানার ব্যারাকে পুলিশের খাবার সরবরাহ করতেন। মাদক কারবারে জড়িয়ে পড়ার সন্দেহে কিছুদিন আগে তাকে এই কাজ থেকে বাদ দেওয়া হয়।  

ডিবির ওসি এনামুল হক জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুস সালাম কয়েক দিন ধরে তাদের ওপর নজর রাখছিলেন। ভোরে বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। 

এ ঘটনায় এসআই আব্দুস সালাম বাদী হয়ে সদর মডেল থানায় এই দম্পতির বিরুদ্ধে মামলা করেন।