তিতাসের অভিযানকালে মিলল ইয়াবা-হেরোইন, দেবর-ভাবী গ্রেপ্তার
এ সময় ওই বাসার তৃতীয় তলা থেকে কেউ একটি ব্যাগ নীচে ফেলে দেয়।
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে গাজীপুরে একটি বাসা থেকে ২০ হাজার ইয়াবা ও ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় গ্রেপ্তার দুই নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মৌচাক ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণবয়ড়া গ্রামের মানিক হোসেন (২৭) এবং তার ভাবী সুমাইয়া রহমান ওরফে স্বর্ণা (২৪)।
ঘটনার পর থেকে মানিকের বড় ভাই আলিফ হোসেন পলাতক রয়েছেন।
পরিদর্শক শহিদুল জানান, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযানে যান। সফিপুর বাজার এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার উল্টো পাশে ‘আপন নিবাস’ নামের একটি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় ওই বাসার তৃতীয় তলা থেকে কেউ একটি ব্যাগ নীচে ফেলে দেয়। কৌতূহলবশত পুলিশ ওই ব্যাগ দেখতে গিয়ে এর মধ্যে তিন হাজার ইয়াবা পায়।
পরে পুলিশ ওই ফ্লাটের ভেতরে তল্লাশি করে আরও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তখন মানিক ও স্বর্ণাকে আটক করা হয়।
পুলিশ পরিদর্শক আরও বলেন, পরে আটক দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, সন্ধ্যার দিকে তাদের ফ্লাটে আবার তল্লাশি চালায় পুলিশ। তখন বাসার এসির ভেতর থেকে আরও ১৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামি আলিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।
এদিকে তিতাসের অভিযানে ২০টি গ্যাস রাইজার ও ২৫০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ।
তিনি আরও বলেন, এ ছাড়া অবৈধ সংযোগের দায়ে ছয়জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
