১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত

পুলিশ জানায়, কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি কভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:46 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কভার্ডভ্যান চাপায় অটোরিকশার যাত্রী এক পোশাক শ্রমিকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই ফেন্সী বিশ্বাস জুয়েল জানান।

নিহত ৪০ বছর বয়সী মো. মীর আলম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এসআই ফেন্সী বিশ্বাস বলেন, “কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি কভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

“এতে অটোরিকশার যাত্রী মীর আলম ঘটনাস্থলেই নিহত হন।”

দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ফেন্সী।