২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে উদ্ধার নবজাতকের ঠাঁই হলো রাজবাড়ীর দম্পতির ঘরে

১৮ ডিসেম্বর সকালে মাদারীপুরের অখিলবন্ধু সাহা সড়কের পাশ থেকে কম্বলে প্যাঁচানো নবজাতককে উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুরে উদ্ধার নবজাতকের ঠাঁই হলো রাজবাড়ীর দম্পতির ঘরে

হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 01:15 PM

Updated : 23 Dec 2022, 01:28 PM

রাজবাড়ীর মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদারের বিয়ে হয়েছে প্রায় ১৩ বছর আগে। কিন্তু সরকারি চাকুরীজীবি এ দম্পতি ছিলেন নিঃসন্তান। তাই আদালতের মাধ্যমে এক নবজাতককে দত্তক পেয়ে তারা এখন খুশিতে আত্মহারা।

বৃহস্পতিবার দুপুরে সাত লাখ টাকা ফেরতযোগ্য বন্ডে মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া এক নবজাতকের দায়িত্ব এই দম্পতির হাতে তুলে দেন জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ।

আদালতের নাজির মু. শহিদুল ইসলাম জানান, গত ১৮ ডিসেম্বর সকালে মাদারীপুর শহরের অখিলবন্ধু সাহা সড়কের বটতলা এলাকায় সড়কের পাশ থেকে কম্বলে প্যাঁচানো নবজাতককে উদ্ধার করেন স্থানীয়রা। পরে মেয়ে শিশুটিকে জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়।

এই খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকা থেকে ১৯ নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।

প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের মধ্যে বাদ পড়েন ১৫ জন। বাকী চার দম্পতির আবেদন নিয়ে বৃহস্পতিবার আদালতে প্রায় তিন ঘণ্টা শুনানির পর মরিয়ম-আজিবর দম্পতিকে শিশুটির দত্তকের রায় দেন বিচারক।

সন্তান পেয়ে খুশিতে আত্মহারা রাজবাড়ী জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত মরিয়ম আক্তার বলেন, “আমি একজন মুসলমান। আমি মুসলিম ধর্মমতে এই সন্তানকে নিজের সন্তানের মতই বড় করে তুলবো। সবাই দোয়া করবেন। আমি সন্তান পেয়ে খুবই খুশি।”

একই কথা বললেন তার স্বামী আজিবর হাওলাদার।

নাজির শহিদুল আরও জানান, সাত দিনের মাথায় নবজাতকের নামকরণ করা হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

কম্বলে পেঁচানো ফুটফুটে শিশুটি পড়ে ছিল ময়লার ভাগাড়ে