খুলনায় যুবককে গুলি করে হত্যা, আহত ১
ওই যুবকের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবকের প্রাণ গেছে; এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ময়লাপোতা এলাকার আহছানউল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সোনাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।
নিহত সাদিকুর রহমান রানা ওরফে বিহারি রানা (৩৫) নগরীর দেবেন বাবু রোডের বাসিন্দা শেখ মোহাম্মদ ইসলামের ছেলে।
রানার নামে ঢাকার কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে; এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আহত পলাশ (৩৫) শেরে বাংলা রোডের শেখ মোতালেবের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আমিনুল বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রানা ও পলাশসহ তিনজন ওই স্থানে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় রানাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন রানা ও পলাশ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
রানার পেটে, গলা ও বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানান এ পুলিশ পরিদর্শক।
খুলনা পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, রানার বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পান তিনি।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
