পঞ্চগড়ে নদীতে নুড়ি কুড়াতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত
এ ঘটনায় প্রতিবাদ করে বিএসএফকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আহ্বান জানিয়েছে বিজিবি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি সংগ্রহ করার সময় বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন।
রোববার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের এপারে ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান জানিয়েছেন।
পেটে ‘গুলিবিদ্ধ’ পলাশ হোসেন (৩৫) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, দুপুরে বগুলাহাটি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের করতোয়া নদীতে কয়েকজন স্থানীয় পাথর-শ্রমিকের সঙ্গে নুড়ি সংগ্রহ করছিলেন পলাশ।
“এ সময় ভারতের বিএসএফের টহল টিম নদীর ওপারের চা বাগান থেকে পাথর-শ্রমিকদের উদ্দেশে গুলি ছোড়ে। একটি গুলি পলাশের পেটের বাঁ পাশে লাগলে তিনি নদীতে পড়ে যান। তখন অন্য পাথর-শ্রমিকরা পালিয়ে যান।”
পরে কয়েকজন শ্রমিক আবার ফিরে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান; অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, “আহতের পেটের বাঁ পাশে একটি ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার পেটে গুলি লেগেছে। ভুঁড়ির কিছু অংশ সেই ক্ষত দিয়ে বের হয়ে এসেছে।”
