কুড়িগ্রামে ‘বাংলাদেশি ভেবে’ বিএসএফের গুলি, আহত ২ ভারতীয় রংপুর হাসপাতালে
বিএসএফ সদস্যরা তাদের মৃত ভেবে ফেলে চলে যান বলে দাবি আহতদের।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
রোববার মধ্যরাতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
সোমবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
আহতরা হলেন- ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) এবং আব্দুল মজিদ মণ্ডলের ছেলে খাজা আব্দুল আলীম (৩৯)।
রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের বরাতে তিনি বলেন, “দইখাওয়া চর সীমান্ত দিয়ে গরু পাচারের সময় বিএসএফ সদস্যরা তাদের গুলি করে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের গোপনে রংপুর শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
“আমাদের গোয়েন্দা বিভাগ খবর পেয়ে তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তারা হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।”
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী।
ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, “সীমান্তে গুলির কোনো ঘটনা আমাদের জানা নেই। কাজেই এ বিষয়ে আর কোনো তথ্য নেই। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার রয়েছে।”
