২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ছাগলনাইয়া সীমান্তের শূন্যরেখায় মিলল ভারতীয় নাগরিকের লাশ

সুরতহালে লাশের পিঠে ও ডান হাতের কনুইতে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান ওসি।

ছাগলনাইয়া সীমান্তের শূন্যরেখায় মিলল ভারতীয় নাগরিকের লাশ

প্রতীকী ছবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 09:38 PM

Updated : 27 Jul 2023, 09:38 PM

ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ যশপুর সীমান্তের শূন্যরেখার ৫০ গজের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় পলাশ।

নিহত ব্যক্তির নাম আশীষ বৈদ্য (৪৫)। ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যের নলুয়া ইউনিয়নের সাধন বৈদ্যের ছেলে আশিষ পেশায় সাইকেল মেকানিক ছিলেন।

বিজিবির যশপুর ক্যাম্পের সুবেদার হাসিবুর রহমান জানান, সকালে বিএসএফ সদস্যরা তাদের নিয়মিত টহলের সময় শূন্যরেখার বাংলাদেশ অংশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি তারা বিজিবির যশপুর সীমান্তচৌকির বিজিবি সদস্যদের জানান। পরে বিজিবির পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় খবর দেওয়া হয়।

এসময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে নিহতের পরিচয় নিশ্চিত করে বিএসএফ। আশীষ বৈদ্যের ভাই ভুট্টো বৈদ্য তাকে শনাক্ত করেন, সঙ্গে ছিল আশীষের কিশোর সন্তানও।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

শূন্যরেখার বাংলাদেশ অংশে ভারতীয় নাগরিকের লাশ পাওয়ার বিষয়টি নিয়ে দুপুরে পতাকা বৈঠকে বসে বিএসএফ ও বিজিবি।

স্থানীয় কমান্ডার পর্যায়ের এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, লাশ ময়নাতদন্তের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত শেষে লাশটি শুক্রবার বিএসএফের কাছে ফেরত দেওয়া হবে।

ছাগলনাইয়া থানার ওসি জানান, সুরতহালে লাশের পিঠে ও ডান হাতের কনুইতে আঘাতের চিহ্ন দেখা গেছে।  ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।