২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে পরিবার পরিকল্পনা সহকারী নিহত

শিবালয় অফিসে যাওয়ার পথে ফলসেটিয়া সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন শফিকুল ইসলাম। 

মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে পরিবার পরিকল্পনা সহকারী নিহত

শফিকুল ইসলাম।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 01:59 PM

Updated : 02 Aug 2023, 01:59 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। 

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে বলে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানিয়েছেন । 

শফিকুল ইসলাম (৩০) মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে জেলার শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। 

শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানিকগঞ্জের তরা থেকে শিবালয় অফিসে আসার পথে ফলসেটিয়া সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন শফিকুল ইসলাম।  বাসের ধাক্কায় তিনি সড়কের পাশে পড়ে যান। এতে স্পটেই মারা যান তিনি।” 

হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।