২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মৃত্যুবার্ষিকী: ময়মনসিংহে তবারক নিয়ে রওশনপন্থিদের চেয়ার ছোড়াছুড়ি

আহত ছয়জনের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 10:14 PM

Updated : 14 Jul 2023, 10:14 PM

প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে রওশনপন্থিদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ির খবর পাওয়া গেছে; এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে নগরীর গঙ্গাদাশ গুহ সড়কে জাতীয় পার্টির ‘সুন্দর মহল’ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।

ইউনিয়ন পর্যায়ের কর্মী আহত সাইফুল ইসলাম ও মুজিবর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুল আউয়াল সেলিম বলেন, বিকালে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের (রওশনপন্থি) উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মহানগর কমিটির আহ্বায়ক ডা. কে আর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাপা ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সোহরাব আলী, আব্দুল কাইয়ুম, আব্বাস উদ্দিন, নুর মোহাম্মদ নুরু ও সদস্যসচিব মোশাররফ হোসেন।

ওসি শাহ কামাল জানান, মিলাদ শেষে তবারক বিতরণের সময় নেতা-কর্মীদের মাঝে বাকবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুল আউয়াল আরও বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। মিলাদে প্রচুর লোকজন হয়েছিল। খাবার যথেষ্ট ছিল কিন্তু সরবরাহে কিছুটা দেরি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

অন্যদিকে, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির (জি এম কাদেরপন্থি) উদ্যোগে বিকালে ধোপাখলা এলাকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

মহানগর জাপার আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্যসচিব আবু মুসা সরকার, জেষ্ঠ্য যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম তপন, মাহবুব উদ্দিন টিটু, যুব সংহতি মহানগর শাখার সভাপতি বদরুজ্জামান সবুজ ও মহানগর শ্রমিক পার্টির সভাপতি জুয়েল মিয়া।