যুবদল কর্মী নিহত: মুন্সীগঞ্জে বিএনপির মামলার আবেদন খারিজ
গত বৃহস্পতিবার বিএনপি মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতে পুলিশসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।
মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন নিহতের ঘটনায় বিএনপির করা মামলার আবেদন খারিজ করেছে আদালত।
সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাম্মত রহিমা আক্তারের আদালত আবেদনটি খারিজের আদেশ দেন বলে আদালত পুলিশের ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান।
গত বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতে পুলিশসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।
এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর থানার পরিদর্শক তরিকুজ্জামান, এসআই মো. ফরিদ উদ্দিন, মো. আরিফুর রহমান, সুকান্ত বাউল, এএসআই নকুল চন্দ্র ধর, অজিত চন্দ্র বিশ্বাস ও মন্টু বৈদ্যসহ নয় পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, উল্লেখিত নয় পুলিশ কর্মকর্তা ছাড়াও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যদের সঙ্গে ২০০ থেকে ৩০০ জন সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসী বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন ঘটনাস্থল থেকে চলে যেতে থাকলে পুলিশ তার কপালের ডান দিকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাওন মারা যান।
বৃহস্পতিবার করা ওই লিখিত আবেদনের শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য করা হয়। এ দিন বিকালে মামলার আবেদন খারিজ করেন বিচারক।
আবেদনটি ২০৩ ধারায় জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাম্মত রহিমা আক্তারের আদালত খারিজ করেন বলে পুলিশ কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান।
আরও পড়ুন:
