২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চা-বাগানের কারখানায় আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

হবিগঞ্জে চা-বাগানের কারখানায় আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

হবিগঞ্জের চুনারুঘাটে লাল চান্দ চা কারখানায় লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন শ্রমিকরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 08:54 PM

Updated : 28 Jan 2024, 01:05 AM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি চা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার লাল চান্দ চা কারখানায় লাগা এ আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ।

খবর পেয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিসের বিজয় সিংহ বলেন, সকালে হঠাৎ ফ্যাক্টরিতে আগুন দেখতে পান নিরাপত্তা কর্মীরা। খবর পেয়ে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ফ্যাক্টরিতে মজুদ চা-পাতা ও বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক ক্ষতি হয়েছে; তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।

লালচান্দ চা-বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বলেন, আগুনে ফ্যাক্টরির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না। তবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।