২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভিক্ষ আসবে না, চলে এসেছে: রিজভী 

জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। 

দুর্ভিক্ষ আসবে না, চলে এসেছে: রিজভী 

নওগাঁর বদলগাছী স্টেডিয়ামে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 10:29 PM

Updated : 30 Oct 2022, 10:29 PM

দুর্ভিক্ষ আসবে না, দেশে দুর্ভিক্ষ চলে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

রোববার দুপুরে নওগাঁর বদলগাছী স্টেডিয়ামে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, সরকারের উন্নয়নের পর্দা সরালে দেখা যায়, লাখ লাখ কোটি টাকার দুর্নীতি। আজকে প্রধানমন্ত্রী বলছেন, দেশে দুর্ভিক্ষ আসছে। কিন্তু আমি বলছি, দুর্ভিক্ষ আসবে না; ইতোমধ্যে এসে গেছে। খাগড়াছড়িতে মা তার সন্তানকে বিক্রি করতে নিয়ে গেছে; এটা দুর্ভিক্ষের নমুনা।   

জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।  

এর আগে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। 

বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। 

রিজভী তার বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, তিনি (ওবায়দুল কাদের) বিশ্ববিদ্যালয়ে পড়েও কোনো শিক্ষাগ্রহণ করতে পারেননি। 

লোড শেডিংয়ের বিষয়ে তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন দিনে বিদ্যুৎ দিতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেন, ভেন্নার তেল দিয়ে কুপি বাতি জ্বালাতে হবে। তাহলে এ কদিনেই বিদ্যুৎ উধাও হয়ে গেছে?  

Image

নওগাঁর বদলগাছী স্টেডিয়ামে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সবাই ঐক্যবদ্ধ জানিয়ে রিজভী, কোনো বুলেট ও টিয়ার শেল আমাদের রুখতে পারবে না। কোনো ধর্মঘট বা অবরোধ কর্মসূচি দিয়ে আমাদের রোখা যাবে না।   

এতে আরো বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ইথুন বাবু, জাহিদুল আলম হিটো, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজীদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, যুগ্ম-আহ্বায়ক শেখ মো. রেজাউল ইসলাম রেজু, মো. আমিনুল হক বেলাল, মো. মামুনুর রহমান রিপন, মো. শফিউল আলম রানাসহ বদলগাছী উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শীর্ষ নেতারা। 

সম্মেলনের শেষ পর্বে ৫৪৮ জন কাউন্সিলের ভোটের মাধ্যমে বদলগাছী উপজেলা কমিটি গঠন করা হয়। দ্বিতীয়বারের মতো ফজলে হুদা বাবুল উপজেলা বিএনপির সভাপতি এবং আবদুল হাদী চৌধুরী টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।