২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ইয়াবাসহ আটক ২ জনের যাবজ্জীবন

একইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে যা অনাদায়ে আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 12:22 AM

Updated : 31 Aug 2023, 12:22 AM

ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ আটক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে যা অনাদায়ে আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে।

বুধবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মান্নান রসুল জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন: নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মো. বেলায়েত হোসেন (৪২) ও কক্সবাজারের টেকনাফের পশ্চিম সিকদারপাড়া এলাকার মো. নীর আহমেদ ওরফে মনির (৪৩)। তবে জামিন পেয়ে আসামিরা পলাতক আছেন।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী আবদুল মান্নান রসুল জানান, ২০২১ সালের ৪ এপ্রিল বরিশাল র‌্যাব ৮ এর একটি দল ঝালকাঠি শহরের আবাসিক হোটেল আরাফাতের চার তলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিদের  আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮১ হাজার ৮৩০ টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় ওইদিন র‌্যাব ৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুল হক ও র‌্যাব-৮ এর উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার বিশ্বাস যৌথভাবে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ২০২২ সালের ২০ জানুয়ারি অভিযোগ গঠন করে। 

১০ জনের সাক্ষ্য নেওয়ার পর বুধবার এ রায় ঘোষণা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।