জীববৈচিত্র্য সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, নওগাঁয় পরিবেশমন্ত্রী
“মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বন সৃষ্টি ও জীববৈচিত্র্য রক্ষার কোনো বিকল্প নেই।“
জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-ট্যুরিজমের উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ ভূমি বৃক্ষাচ্ছাদনের আওতায় আনতে দেশব্যাপী ব্যাপকহারে গাছ লাগানো হচ্ছে।
শনিবার দুপুরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলতাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলতাদীঘি জাতীয় উদ্যানের দীঘি পুনঃখননসহ বেশকিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বন সৃষ্টি ও জীববৈচিত্র্য রক্ষার কোনো বিকল্প নেই। তাই একটি স্বাস্থ্যকর দেশ গড়তে সবাইকে গাছ লাগিয়ে তার যত্ন করতে হবে।”
অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগীদের হাতে চেকও তুলে দেওয়া হয়।
২০১৯ সালে আলতাদীঘি জাতীয় উদ্যান পরিদর্শনের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “সেসময় জানতে পারি বন বিভাগের অফিসগুলো জরাজীর্ণ, উদ্যানের গাছপালার ঘনত্ব কম, দীঘিতে পানি নেই, শাপলা কচুরীপানায় ভরা। তখনই মনস্থির করি এসবের উন্নয়ন করব। তারই আলোকে আলতাদীঘি জাতীয় উদ্যানে দুটি প্রকল্প গ্রহণ করা হয়।”
শাহাব উদ্দিন বলেন, “সামাজিক বনায়নের মাধ্যমে ‘রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের’ আওতায় আলতাদীঘি জাতীয় উদ্যানের নিরাপত্তায় থাকা কর্মীদের জন্য ডরমেটরি ভবন, দর্শনার্থীদের জন্য স্যুভেনির শপ এবং ওয়াচ টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর কিছুক্ষণ আগে স্থাপন করলাম। এ ছাড়া বনের সৌন্দর্য্য উপভোগের জন্য রাস্তা নির্মাণসহ আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম ক্রমান্বয়ে এ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে।
“এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছপালা লাগিয়ে জাতীয় উদ্যানে বনায়ন করে জীববৈচিত্র্য বৃদ্ধির কাজ চলমান। কাজগুলো বাস্তবায়নের অল্প কিছুদিনের মধ্যেই আলতাদীঘি জাতীয় উদ্যান হবে একটি ইকো-ট্যুরিজম এলাকা বা পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র। ফলে এটি একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হবে এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
অনুষ্ঠানে সামাজিক বনায়নে উপকারভোগী ১৩৫ জন সদস্যের মাঝে ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৫১১ টাকার চেক বিতরণ করা হয়।
