গড়াই নদীতে নিখোঁজের দুদিন পর মিলল ঢাবি শিক্ষার্থীর মরদেহ
নিখোঁজ তানভিরের মরদেহ কুষ্টিয়া-রাজবাড়ী রেল সেতুর পাশে ভেসে উঠে বলে জানায় ফায়ার সার্ভিস।
কুষ্টিয়ার গড়াই নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেল সেতুর পাশে মরদেহটি ভেসে উঠে বলে জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জানে আলম।
নিহত শিক্ষার্থী তানভীরের (২৩) গ্রামের বাড়ি বরগুনায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহকারী পরিচালক জানে আলম বলেন, “সোমবার দুপুরে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজের পর থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। এরই এক পর্যায়ে বেলা ১২টার দিকে নিখোঁজ তানভিরের মরদেহ কুষ্টিয়া-রাজবাড়ী রেল সেতুর পাশে ভেসে উঠে।”
তিনি আরও বলেন, এ ঘটনায় কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং খুলনা ডুবুরী দলের পাঁচ সদস্যের একটি দল তানভীরকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একটি মাইক্রোবাসে কুষ্টিয়া ঘুরতে এসে ওই রেল সেতুর উজানে গোসল করতে নামেন।
তাদের মধ্যে তিন বন্ধু সাঁতার কেটে গভীর পানিতে চলে যান। এরপর তিনজনই আবার সাঁতরে তীরে ফেরার চেষ্টার করার সময় হঠাৎ একজন তলিয়ে যান।
গোসলরত অন্য বন্ধুরা দুজনকে পানি থেকে টেনে উপরে তুললেও তানভীর নিঁখোজ হন। টেনে তোলা দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন
