০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গড়াই নদীতে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

তিন বন্ধু সাঁতার কেটে গভীর পানিতে চলে যান, এরপর আবার সাঁতরে তীরে ফেরার চেষ্টার করার সময় হঠাৎ একজন তলিয়ে যান।

গড়াই নদীতে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

নিখোঁজ তানভীরকে উদ্ধারে গড়াই নদীতে নামছেন ফায়ার সার্ভিসের একজন ডুবুরি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 12:00 AM

Updated : 13 Jun 2023, 12:39 AM

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় উদ্ধার হওয়া অসুস্থ দুই শিক্ষার্থী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে কুমাখালীতে কুষ্টিয়া-রাজবাড়ি রেলসেতুর কাছে নদীর বামতীরে তিন শিক্ষার্থী গোসল করতে নামলে দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন কুমারখালী থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান।

নিখোঁজ শিক্ষার্থীর নাম তানভীর (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী, তার গ্রামের বাড়ি বরগুনায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একটি মাইক্রোবাসে কুষ্টিয়া ঘুরতে এসে রেলসেতুর উজানে গোসল করতে নামেন। তাদের মধ্যে তিন বন্ধু সাঁতার কেটে গভীর পানিতে চলে যান। এরপর তিনজনই আবার সাঁতরে তীরে ফেরার চেষ্টার করার সময় হঠাৎ একজন তলিয়ে যান।

গোসলরত অন্য বন্ধুরা দুজনকে পানি থেকে টেনে উপরে তুললেও তানভীর নামের শিক্ষার্থী নিঁখোজ হন।

টেনে তোলা দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুমারখালী থানার এএসআই মিজানুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজের খবর পয়ে উদ্ধার অভিযানে নামে কুমারখালী ফায়ার সার্ভিস। কিন্তু তারা ওই শিক্ষার্থীকে খুঁজে না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি দল চেয়ে পাঠানো হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বিকাল ৫টার দিকে খুলনার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত নিঁখোজ তানভীরের সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে পুলিশও কাজ করছে বলে জানিয়েছেন এএসআই মিজানুর রহমান।