২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মোটরসাইকেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

ভোলার কাছ থেকে একটি পুরোনো মোটরসাইকেল কেনেন রিকো। সেটির কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 01:09 PM

Updated : 04 Aug 2023, 01:09 PM

পাবনা সদর উপজেলায় পুরানো মোটরসাইকেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা।

নিহত রিকো (৩৫) ছাতিয়ানি পশ্চিম পাড়ার ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কৃপা সিন্ধু বালা জানান, কিছুদিন পূর্বে একই এলাকার বাসিন্দা ভোলার কাছ থেকে একটি পুরানো মোটরসাইকেল কেনেন রিকো। ওই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার রাতে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকোকে ছুরিকাঘাত করে ভোলা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিকোকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, এর আগে মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে ভোলাকে মারধর করেছিলেন রিকো। তবে ওই ঘটনায় ভোলা কোথাও অভিযোগ করেননি।

ওসি কৃপা সিন্ধু বালা আরও জানান, নিহত রিকো ও অভিযুক্ত ভোলা উভয়েই চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলার আসামি। এর মধ্যে রিকোর বিরুদ্ধে ছয়টি এবং ভোলার নামে চারটি মামলা রয়েছে।

লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল দিচ্ছে বলেও জানান তিনি।