১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মুখে ১৩ কারখানা বন্ধ

কালিয়াকৈর উপজেলার মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্ট কারখানা এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 10:10 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

দিনভর শ্রমিক আন্দোলনে উত্তাল থাকার পর গাজীপুরে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  

সোমবার সন্ধ্যায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২ এর এসপি সারোয়ার আলম বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১২টি পোশাক ও একটি খাদ্য তৈরির কারখানা। 

“খাদ্য তৈরির কারখানাটি অনির্দিষ্টকালের ও বাকিগুলো এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে আমরা শুনেছি।”

তিনি আরো বলেন, “সমস্যা শুধু শ্রমিকদের এমন নয়, সমস্যা মালিকদেরও আছে। আজকে টঙ্গীতে যেটা হল দেড়-দুই মাসের বেতনের জন্য আন্দোলন হয়েছে। 

“শ্রমিকদের বারবার বেতন দেবে বলে মালিকপক্ষ আশ্বস্ত করেছে; কিন্তু দিতে পারে নাই।”

এদিকে, সোমবার সকাল ৯টার পর থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২ এর এসপি সারোয়ার আলম বলেন, বেলা ৩টার দিকে সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। এক পর্যায়ে কারখানার মালিকপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সব দাবি মেনে নেয়। পরে শ্রমিকরা সরে গেলে বিকাল ৪টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বেশি কিছু দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২ এর এসপি সারোয়ার আলম  বলেন, “সোমবার সকাল ৮টা থেকে ওই কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। 

“পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।” 

১২ দাবির মধ্যে আটটি মেনে নিলেও বাকি চারটি মেনে না নেওয়ায় তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান। 

পরে বাকি দাবিগুলো মেনে নিলে শ্রমিকরা মহাসড়ক ছাড়েন। দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানায় বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করে সেনাবাহিনী। 

সোমবার সকালে মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানা এলাকায় বিক্ষোভের সময় তাদের আটক করা হয়।

এর আগে শ্রমিকরা আধা ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করে। 

আরও পড়ুন:

গাজীপুরে বন্ধ কারখানা 'ভাঙচুরের চেষ্টা', আটক ৬