শিশু চুরি করে বিক্রির দায়ে দুই নারীর যাবজ্জীবন
যাবজ্জীবনের পাশাপাশি দুই নারীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে।
শিশুকে চুরি করে বিক্রির ঘটনায় করা মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতটির রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ।
যাবজ্জীবনের পাশাপাশি দুই নারীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা সেতারা বেগম (৬০) আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
অপর দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইল জেলার গোপালপুরের বাসিন্দা হাসিনা বেগম ওরফে হাছনা (৪৫) পলাতক রয়েছেন।
তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার চার আসামির মধ্যে একজনকে খালাস দিয়েছে আদালত। আরেকজন বিচার চলাকালে মারা গেছেন বলে জানান পিপি।
মামলার নথির বরাতে পিপি জানান, ২০০৮ সালের ৩১ জুলাই নারায়ণগঞ্জ সদর থানার নলুয়া রোড এলাকার বাসিন্দা স্বপন শেখের ১১ মাস বয়সি শিশু সজিবকে চুরি করে বিক্রি করে দেন দণ্ডপ্রাপ্তরা। স্বপন শেখের স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে একই বছরের ৩ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
