২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পাম্পে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গাড়ি চালক ও মালিকরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 07:02 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সিএনজি পাম্প স্টেশনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু এবং স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়ির চালক ও মালিকরা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় এ অবরোধ চলে। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবি পূরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন বলে জানান নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক।

আন্দোলনকারীরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকার যৌক্তিকতা নেই। এ ছাড়া নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।

কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইনবিরোধী; এ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারীরা।

ওসি এমদাদুল হক জানান, অবরোধকারীরা তাদের দাবি পূরণের আশ্বাস পেলে, অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।