কর্তৃপক্ষের অবহেলায় আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
কোরবানির ঈদের আগের দিন সকালে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়।
রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে দুষলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেছেন, “হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে ছয়টি প্রাণ ঝরে গেছে। এসি বন্ধ রাখার ফলে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধকর পরিবেশের মত পরিস্থিতি হওয়ায় সম্ভবত তাদের মৃত্যু হয়েছে।
“এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালে পুলিশ মোতায়েনসহ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা করা দরকার, সব করা হবে।”
বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোরবানির ঈদের আগের দিন সকালে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক রাতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে হামের সংক্রমণ প্রসঙ্গে বলেন, “এর জন্য বিগত দুটি সরকারের অবহেলা দায়ী। প্রতি চার বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইন করার কথা ছিল। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরের পর দুই সরকারের কেউ এটা করেনি। যে কারণে এখন হামের সংক্রমণ শুরু হয়েছে।”
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “১৭ বছর ফ্যাসিবাদী সরকার ও পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাতে বরাদ্দের টাকা লুটপাট হয়েছে। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বারবার চিঠি দিয়ে অনুরোধ করার পরও ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে হামের টিকা ক্রয় করা হয়নি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আগামী বাজেটে দেশের স্বাস্থ্যসেবা খাতে দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ রাখা হবে। আশা করি, আগামী জুলাই থেকেই দেশের সব হাসপাতালের সমস্যা দূরীকরণে কাজ শুরু হবে।”
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুল করিম উপস্থিত ছিলেন।
মন্ত্রী সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন।
আরও পড়ুন:
