বাড়িওয়ালাকে হত্যার ১৩ বছর পর ভাড়াটিয়ার মৃত্যুদণ্ড
খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় ২০০৯ সালে এ ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক।
খুলনার সোনাডাঙ্গায় বাড়িওয়ালাকে হত্যা মামলার ১৩ বছর পর ভাড়াটিয়া এক রিকশাচালকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন বলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাজী সাব্বির আহমেদ জানান।
হত্যাকাণ্ডের পর থেকে আসামি জসিম পলাতক।
পুলিশ ও আদালতের কাছে আসামির জাতীয় পরিচয়পত্র আছে দাবি করে আইনজীবী সাব্বির আহমেদ বলেন, “কিন্তু তাকে গ্রেপ্তার করতে না পারাটা রহস্যজনক।”
মামলার নথির বরাতে সাব্বির আহমেদ জানান, পেশায় রিকশাচালক জসিম ২০০৯ সালের মে’র দিকে নগরীর সোনাডাঙ্গার হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের (৪২) বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
ওই বাড়ির সঙ্গে থাকা একটি দোকান ভাড়া নিয়ে চালাতেন রবিউল ইসলাম নামের আরেক ব্যক্তি।
ওই দোকান থেকে রবিউলের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ঘটনার চার-পাঁচ দিন পর জসিম মোবাইল ফোন পাইয়ে দেওয়ার কথা বলে রবিউলের কাছ থেকে ৮০০ টাকা নেন। কিন্তু ফোন-টাকা কোনোটিই ফেরত না দেওয়ায় স্থানীয় কয়েকজনের কাছে এ বিষয়ে নালিশ করেন রবিউল।
পরে ওই বছরের ১৯ মে সকালে জসিম ও রবিউলকে নিয়ে সালিসে বসেন স্থানীয় কয়েকজন। সালিসে জসিম নিজেই ফোন চুরি করেছেন বলে বেরিয়ে আসে। সালিসে জাহাঙ্গীরও ছিলেন। সালিসকারীরা জসিমকে ফোন ও টাকা ফেরত দিতে বলেন।
অপর দিকে, চলতি মাসের মধ্যে জসিমকে বাড়ি ছেড়ে দিতে বলেন জাহাঙ্গীর।
ওইদিন বিকালে বাড়ির সামনে রবিউলের বন্ধ থাকা দোকানের বেঞ্চে বসে ছিলেন জাহাঙ্গীর। এ সময় পেছন দিক থেকে জাহাঙ্গীরের ঘাড়ের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান জসিম।
পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনা রাতেই নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে জসিমকে আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।
ওই বছরের ৩০ ডিসেম্বর সোনাডাঙ্গার তৎকালীন উপ-পরিদর্শক জিএম নজরুল ইসলাম জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
