পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দের ‘গ্রাফিতি’ বাদ দেওয়ায় পাহাড়িদের প্রতিবাদ
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পথে আদিবাসীদের অস্বীকৃতি জানানো অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তে নিন্দা-প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন-এইচডব্লিউএফ।
সোমবার পিসিপির কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্বেষ চাকমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামের উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এনসিটিবি ১২ জানুয়ারি রাতে অনলাইন ভার্সনের পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে।
এনসিটিবির এ সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, পিসিপি ও এইচডব্লিউএফ মনে করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পথে আদিবাসীদের অস্বীকৃতি জানানো জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি। সংবিধানের দোহাই দিয়ে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে এনসিটিবি উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোষ করেছে। দেশের ৫০টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়কে অস্বীকার করে বহুজাতিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।
অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাতিল আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায়।
খাগড়াছড়িতে বিক্ষোভ
সোমবার একই বিষয়ে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় মিছিলটি খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনতোষ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুভাষ চাকমা, পিসিপি দীঘিনালা থানা শাখার সদস্য সুবরণ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমা এবং আদিবাসী ছাত্র সমাজের পক্ষে তুষন চাকমা।
সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনেন্টু চাকমা।
সমাবেশ থেকে অভিযোগ করা হয়, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে সংগঠন এনসিটিবি ঘেরাও করে নবম-দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের দাবি জানায়।
পরে এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া অনলাইন ভার্সনে দেখা যায়, গ্রাফিতিটি বাদ দিয়ে নতুন আরেকটি গ্রাফিতি যোগ করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পাহাড়ি ছাত্র পরিষদ বেশ কিছু দাবি জানায়।
সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানোর পাশাপাশি পাহাড় ও সমতলে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে আদিবাসীদের প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জানানো হয়।
এছাড়া আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা, আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় গঠন; সমতলের আদিবাসীদের আলাদা ভূমি কমিশন, আদিবাসীদের কৃষি-সংস্কৃতি-প্রথা-ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন ও বাদ দেওয়া আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবি জানান তারা।
