১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদকে সামনে রেখে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।

ঈদকে সামনে রেখে মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি। 

সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া সড়কের পাশে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে উঠে। বিভিন্ন সময় কাঁচামাল ব্যবসায়ী ও ভাসমান দোকানিরা মহাসড়কের উপর বাজার বসায়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন সুয়াগাজী বাজার স্ট্যান্ডের নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে জনবহুল বাজার এলাকায় দাঁড়াতে গিয়ে জটলার সৃষ্টি হয়। ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে সুয়াগাজী বাজারে যানজটের সৃষ্টি হয়। বিগত সময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসব স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিস দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। 

সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, “ঈদে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঘরমুখো মানুষের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। তাই মহাসড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। 

“সুয়াগাজী বাজার সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী হাকিমের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, “সুয়াগাজী বাজারে অন্তত এক হাজার ৪০০ দোকানপাট রয়েছে। এর মধ্যে কিছু ব্যবসায়ী মহাসড়কের ফুটপাত দখল করে দোকান করেছেন। আবার কেউ কেউ সড়কের উপরেও চলে আসেন।

“এ ছাড়া এক শ্রেণীর মানুষ এসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করে সুবিধা ভোগ করছেন। আমরা এসব অনিয়ম বন্ধ করে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।” 

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেন এই বাজারে যানজটে না পড়েন, এই বিষয়টি মাথায় রেখে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের আগে ব্যবসায়ীদের সরে যেতে বারবার নোটিস দেওয়া হলেও, তারা তা শোনেননি।

সুয়াগাজী বাজার সমিতির সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে সিদ্ধান্তে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে আমাদের বলার কিছু নাই।

মহাসড়কের পাশে গড়ে ওঠা এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।