২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফ একমত

বেনাপোলে সীমান্ত সম্মেলনে বিএসএফের ২১ সদস্যের একটি দল অংশ নেয়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 11:36 AM

যশোরের বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধে দুই দেশ প্রতিনিধিরা একমত পোষণ করেছেন। 

বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নেতৃত্বে ২১ সদস্যের একটি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় তাদেরকে বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী শুভেচ্ছা জানান।

বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে দুই কিলোমিটার দূরে বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয়।

খসরু রায়হান বলেন, সম্মেলনে ২১ সদস্যের বিজিবি কর্মকর্তা অংশগ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় সমন্বয় সভা শেষ হয়।

সভায় সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার ও চোরাচালান বন্ধে দুই দেশের প্রতিনিধিরা একমত পোষণ করেছেন বলে জানান তিনি।

১৯৭৫ সালের সীমান্ত চুক্তির আলোকে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।