১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরিষাবাড়ী উপজেলা নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন রফিক

আচরণবিধি ভঙ্গ করায় তার প্রার্থিতা বাতিল করেছিল ইসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রফিকের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

রফিকের একটি রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেয়। 

রিটকারীর আইনজীবী শাহরিয়া কবির বলেন, “রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছে এবং রুলসহ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় আবেদনকারীকে (রফিকুল ইসলাম) ভোটে অংশ নিতে যেন বাধা দেওয়া না হয়, তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে।” 

আচরণবিধি ভঙ্গ করায় রোববার রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

আগামী বুধবার প্রথম ধাপের দেড়শ উপজেলার মধ্যে সরিষাবাড়ী উপজেলা পরিষদেও ভোট হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রোববার বলেছিলেন, “প্রকাশ্যে অন্য প্রার্থী ও সমর্থকদের হুমকি দিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় কমিশন রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।“

গত বুধবার পিংনা ইউনিয়ন পরিষদের সামনে একটি সভায় আনারস প্রতীকের প্রার্থী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের উপস্থিতিতে তার দুই কর্মী হুমকি দেন, অন্য প্রার্থীর এজেন্ট কেন্দ্রে ঢুকলে ‘হাত ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়া হবে’। 

ওই বক্তব্যের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ২ মে রফিকুল ইসলামকে তলব করে ইসি। শুনানিতে তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে নির্বাচন কমিশন রফিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

আরও পড়ুন:

প্রতিপক্ষকে হুমকিসরিষাবাড়ীর রফিকুলের প্রার্থিতা বাতিল