‘জেলা পরিষদ ভোটে প্রার্থীর পক্ষেই কাজ করেছে পঞ্চগড় আওয়ামী লীগ’
জেলা আওয়ামী লীগের নেতারা পঞ্চগড় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী আবু তোয়বুর রহমানের পক্ষেই জেলা আওয়ামী লীগ কাজ করেছে বলে মন্তব্য করেছেন নেতারা।
জেলা আওয়ামী লীগের নেতারা শনিবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এর আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী আবু তোয়বুর রহমানের ছোট ভাই অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দিনের বেলায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করলেও রাতে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ কারণেই পঞ্জগড় জেলা পরিষদের আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে।
এই সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলনে এসে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির ‘আহ্বায়ক’ আবু সারোয়ার বকুল বলেন, “জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পদক আনোয়ার সাদাত সম্রাট সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই কোনো কর্মকাণ্ডে ছিলেন না “
কিন্তু তাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সংগঠিতভাবে প্রচার চালিয়েছে উল্লেখ করে আবু সারোয়ার বকুল বলেন, “বরং প্রার্থী ও তার ছোট ভাই নিজেদের ইচ্ছামতো প্রচার চালিয়েছেন। আওয়ামী লীগ নেতারা মাঠে ছিলেন বলেই আবু তোয়বুর রহমান ২৩১ ভোট পেয়েছেন। মাত্র ৫২ ভোটে পরাজিত হয়েছেন। এই ভোট প্রার্থী তার ব্যক্তি ইমেজে পাননি। জেলা আওয়ামী লীগ সঙ্গে না থাকলে ব্যবধান আরও বড় হতো।”
শুক্রবারের সংবাদ সম্মেলনে আবু বকর ছিদ্দিক নিজেকে জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলে দাবি করেন।
তবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম পল্লব বলে, আবু বকর ছিদ্দিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন। আর আহ্বায়ক হচ্ছেন আবু সারোয়ার বকুল।
তিনি অভিযোগ করেন, “আবু বকর ছিদ্দিক আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথম জেলা পরিষদে পরাজিত হয়েছিলেন। তিনি পরাজিত হওয়ার পর মামলা ও পেশিশক্তির ভয় দেখিয়ে ভোটারদের কাছে টাকা ফেরত দেওয়ার চাপ প্রয়োগ করেন। এটা তার বড় ভাইয়ের নির্বাচনে বিরূপ প্রভাব ফেলেছে। এটা হঠকারীমূলক আচরণ।”
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেন বলেন, জেলা নেতৃত্বের বিরুদ্ধে দেওয়া বক্তব্য মিথ্যা। এ কারণে আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বলেন, “ভোটে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা কে কী করেছি। এর বেশি কিছু বলতে চাই না।”
আরও পড়ুন:
