২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“দিনে আওয়ামী লীগ নেতারা দলীয় আর রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন”

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, “আমরা পক্ষে ছিলাম বলেই প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরেছেন।”

“দিনে আওয়ামী লীগ নেতারা দলীয় আর রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন”

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 09:02 PM

Updated : 21 Oct 2022, 09:02 PM

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতাদের একটি অংশ স্বতন্ত্র প্রার্থীকে জেতানোর জন্য কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক।

তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী আবু তোয়বুর রহমানের বড় ভাই। ছিদ্দিক প্রথম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছিলেন।   

গত ১৭ অক্টোবরের নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ২৮৩ ভোট আর আওয়ামী লীগ প্রার্থী তোয়বুর মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট।

জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিদ্দিক অভিযোগ করেন, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রভাবিত করেছেন জেলা শীর্ষ নেতৃত্বের একটি অংশ। এটা দিনের আলোর মত পরিষ্কার যে, এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছে আওয়ামী লীগ।

“তারা আমাকেও পরাস্ত করেছিল। একই কায়দায় তারা এই নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করেছে। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে পরাজয়ের জন্য আমি বিরোধী দলকে দোষারূপ করব না। এই নির্বাচনে পরাজয়ের কারণ আমাদের আওয়ামী লীগই।“

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, “আমি ভোটের প্রচারে একা কোথাও যাইনি। নির্বাচনী প্রচারাভিযানে আমি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে ইউনিয়নে ইউনিয়নে গিয়েছি। সেখানে মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে অনুরোধ করেছি। প্রার্থীর নিজ ইউনিয়ন পরিষদেও আমি গিয়েছি। এ সময় প্রার্থীর সঙ্গে চেয়ারম্যান ও মেম্বারদের কথা বলিয়ে দিয়েছি।”

তিনি বলেন, “চেয়ারম্যান-মেম্বারদের যেভাবে খুশি করার দরকার ছিল প্রার্থী তাতে ব্যর্থ হয়েছেন। প্রার্থী যদি আরেকটু সিরিয়াস হতেন তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হত।”

জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিকের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এটার প্রমাণ তারা দিক। জেলা আওয়ামী লীগের বিগত কাউন্সিলে তারা দুই ভাই সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। সভাপতি হতে না পেরে জেলা পরিষদ নির্বাচনটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন।”

“আমরা পক্ষে ছিলাম বলেই প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরেছেন।”