লালমনিরহাটে চার সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গারডাবরি এলাকা থেকে সাহেব মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
লালমনিরহাটে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গারডাবরি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার বিকালে লালমনিরহাট সদর থানার পরিদর্শক এরশাদুল আলম জানান।
গ্রেপ্তার সাহেব মণ্ডল (৩৫) লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মণ্ডলের ছেলে।
মামলার নথির বরাতে পরিদর্শক এরশাদুল আলম বলেন, গত ১২ অগাস্ট বিকালে ওই এলাকায় তথ্য সংগ্রহের জন্য গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, এখন টিভির মাহফুজুল হক বকুল এবং যমুনা টিভির ক্যামেরা পারসন আহসানের ওপর হামলা হয়।
আওয়ামী লীগ নেতা আজিজার রহমান মণ্ডলের তিন ছেলেসহ অজ্ঞাত আরও ২০-২১ জন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
পরিদর্শক এরশাদুল আলম আরও বলেন, সাংবাদিক আনিছুর রহমান লাডলা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২১ জনের নামে মামলা দায়েরের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
“মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান শনাক্তের পর কুড়িগ্রামের সিঙ্গারডাবরি থেকে প্রধান আসামি সাহেব মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।”
মামলায় এজাহারনামীয় অন্য আসামিরা হলেন পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মণ্ডল, তার দুই ছেলে সুলতান মণ্ডল ও শাহজাহান মণ্ডল।
সাংবাদিক আব্দুর রব সুজন বলেন, “পেশাগত দায়িত্ব পালনে চার-পাঁচজন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে গেলে আজিজার রহমান মণ্ডলের ছেলে সাহেব মণ্ডলের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। এ সময় আনিছুর রহমান লাডলাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।”
সুজন আরও বলেন, “হামলাকারীরা ২০ থেকে ২৫ জন থাকায় তারা আমাদের সঙ্গে থাকা ক্যামেরা, ক্যামেরার ট্রাইপড, মোবাইল ফোন ও হেলমেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি কিন্তু সন্তুষ্ট নই। কেননা মামলার এজাহারনামীয় অপর তিন আসামিসহ অজ্ঞাত কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করা হয় নাই।”
তবে অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে লালমনিরহাট থানার পরিদর্শক এরশাদুল আলম জানান।
আরও পড়ুন:
