গাজীপুরে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ যুবক নিহত
পুলিশ বলছে, নিহতের বুকের ডান পাশে ও ডান হাতে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন আছে।
গাজীপুরের শ্রীপুরে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান।
নিহত আলম মিয়া (২৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
আলমকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ওই জিজ্ঞাসাবাদের বরাতে শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান, মাওনা উড়াল সড়কের উত্তরে মহাসড়কের পশ্চিম পাশে আলম মিয়াকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে দুই যুবক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রাতের ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক জারিন রাফা জানান, আল-আমিন নামের এক যুবক ছুরিকাহত অবস্থায় আলম মিয়াকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের বুকে ধারালো ছুরির আঘাতে তার মৃত্যু হয়।
টেপিরবাড়ী বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, আলম মিয়া স্যানিটারি মিস্ত্রীর কাজ করতেন। তার নিজের একটি অটোরিকশাও আছে। স্যানিটারির কাজ না পেলে অটোরিকশাটি চালাতেন আলম।
সুরতহাল রিপোর্টে নিহতের বুকের ডান পাশে এবং ডান হাতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন আছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে আলম ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি আবুল ফজল মো. নাসিম।
হাসপাতালে নিয়ে আসা যুবকদের একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে, রাতে ওই ফ্লাইওভারের নিচে ও আশপাশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায় বলে মাওনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ীর অভিযোগ।
