২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান করছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে নির্মাণের দাবিতে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছে। তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান করছে সেখানে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আম্বার হোসেন বলেন, “২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। পর্যাপ্ত ভবন না থাকায় ডিপার্টমেন্টের সঙ্কট রয়েছে।”

তিনি বলেন, “এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে। কিন্তু বাস্তবায়ন হয় নাই।”

বেলা ৩টার দিকে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ কারণে রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।