১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে নকল ঘি ও কসমেটিকস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের জেল

এ সময় বিপুল নকল ঘি ও কসমেটিকস পণ্য জব্দ করে নষ্ট করা হয়।

লক্ষ্মীপুরে নকল ঘি ও কসমেটিকস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের জেল
রাজ কুমার দীর্ঘদিন ধরে নকল ঘি ও বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি করে আসছিলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:47 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

লক্ষ্মীপুরে নকল ঘি ও কসমেটিকস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল নকল ঘি ও কসমেটিকস পণ্য জব্দ করে নষ্ট করা হয়।

সোমবার বিকালে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জেবিবিএল এন্টারপ্রাইজের গোডাউন থেকে পণ্যগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

দণ্ড পাওয়া রাজ কুমার চৌধুরী রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, রাজ কুমার দীর্ঘদিন ধরে নকল ঘি ও বিভিন্ন ধরনের কসমেটিকস বিক্রি করে আসছেন। জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। 

অভিযানে বিপুল নকল ঘি ও নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। পরে নকল পণ্যগুলো বিনষ্ট করা হয়। এ ছাড়া রাজ কুমারকে দুই লাখ টাকা জরিমানা করা; যা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, রাজ কুমার তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করতেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে চালানো এ অভিযানে লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।